পরিত্যক্ত ব্রাজিল-আর্জেন্টিনা `সুপার ক্লাসিকো '

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় সুপার ক্লাসিকো। ফুটবলপ্রেমীদের দৃষ্টি ছিল ব্রাজিল-আর্জেন্টিনার এই প্রীতি ম্যাচের দিকে। ম্যাচে তারকার স্বল্পতা ছিল, কিন্তু ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ বলে আগ্রহের কোনো কমতি ছিল না। কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগে ফ্লাডলাইটের আলোর স্বল্পতা পণ্ড করে দিয়েছে গোটা ম্যাচটিকে।আর্জেন্টিনার ছোট্ট শহর রেসিসটেনসিয়াতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচটি। এমনকি দুই দলের খেলোয়াড়েরা মাঠেও নেমে গিয়েছিলেন। জাতীয় সংগীতসহ সব ধরনের অনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছিল। কিন্তু খেলা শুরু হওয়ার আগে ফ্লাডলাইটের জেনারেটরে সমস্যা দেখা দেয়। মাঠে অতিরিক্ত জেনারেটর না থাকায় চিলির রেফারি এক ঘণ্টা আপেক্ষা করে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। ব্যাপারটি আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের জন্য একধরনের বিব্রতকর ব্যাপারই হয়ে রইল। সাম্প্রতিককালে এ ধরনের সমস্যার কারণে কোনো আন্তর্জাতিক ম্যাচ পণ্ড হয়ে যাওয়ার নজির নেই বললেই চলে। রেসিসটেনসিয়ার এ ম্যাচটি পণ্ড হওয়ায় এটি আবার অনুষ্ঠিত হবে কি না, সেটা নিয়েও ঘোরতর অনিশ্চয়তা দেখা দিয়েছে। পরিত্যক্ত এ ম্যাচটিতে আর্জেন্টাইন দলে তেমন উলে্লখযোগ্য কোনো তারকা না থাকলেও ব্রাজিলীয় দলে ছিলেন নেইমারসহ সেরা একাদশের কয়েকজন। আগের ম্যাচে ব্রাজিলের কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। রয়টার্স।